ইরানে শুরু হয়েছে‘দিন: দ্য ডে’

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:২৮

অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’র শুটিং শুরু হয়েছে ইরানে। গতবছর নায়ক-প্রযোজক অনন্ত জলিল সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন। আগের সিনেমাগুলোর মতো এবারো নায়ক হিসেবে থাকবেন অনন্ত ও নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। ইরানের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। অনন্ত ছাড়াও এই সিনেমায় আরো একজন নায়ক থাকছেন সুমন ফারুক নামে নতুন এক মুখ। অনন্ত সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘এই কাজটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। বড় পরিসরে এই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ছবিটি বাজেটও বড়। সব মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটি ইতিচাক কিছুই যোগ করবে। কাজটি শেষ হলে সবাই বুঝতে পারবেন।’

নতুন নায়ক সুমন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমার খুব কাছের মানুষ সুমন ফারুক। এছাড়া আমার ব্যবসায়িক পার্টনার। সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেশ পরিশ্রম করেছেন। আশা করি কাজটি তিনি ভালোভাবে করবেন।’ এ সিনেমায় ইরানের দুই অভিনেত্রী ও তুরস্কের একজন অভিনেতাও থাকছেন। ইরানের অন্যতম নির্মাতা মুর্তজা অতাশ জমজম এটি পরিচালনা করবেন। তবে অন্য কলাকুশলীদের মধ্যে বাংলাদেশ থেকে বেশি শিল্পী থাকছেন। ছবির গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ।