শরণখোলায় বাঘের কঙ্কালসহ আটক ১

আপডেট : ১২ মে ২০১৫, ১৪:৫১


বাগেরহাটের শরণখোলায় বাঘের কঙ্কালসহ ছগির ঘরামী (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ি থেকে একটি বাঘের মাথার খুলিসহ ১৫৭ টুকরা হাঁড়, বিভিন্ন অঙ্গের ২০ টুকরা মূল শিরা ও নাইলনের দড়ি দিয়ে তৈরী ২০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষ (এসিএফ) মো. কামাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত বন্যপ্রাণি শিকারী ছগির ঘরামীর অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় বাঘের হাঁড়গোড়সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যায়।

পরে ছগিরকে আটক করে তার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। ইউসুফ ঘরামী ও তার ৫ছেলে সবাই-ই সুন্দরবনের বন্যপ্রাণি শিকার ও পাচারের সঙ্গে জড়িত বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো জানান, ছগিরের বিরিুদ্ধে সুন্দরবনের বাঘ-হরিণসহ বন্যপ্রাণি হত্যা ও পাচারের অভিযোগে আরো ৬টি মামলা মামলা রয়েছে। এ বছরের ১৩ জানুয়ারি মোরেলগঞ্জ উপজেলার নব্বই রশি বাসস্ট্যান্ড থেকে একটি বাঘের চামড়াসহ ছগির ঘরামীর ভাই নূরুজ্জামান ঘরামীসহ তিনজনকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। ওই মামলায়ও ছগির ৫নম্বর আসামি।

সুন্দরবনের বিশেষ টহল দলের দলনেতা ফরেস্ট রেঞ্জার খান মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ছগিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।