লক্ষ্মীপুরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' ২ জন গুলিবিদ্ধ

আপডেট : ১২ মে ২০১৫, ১৫:২৮
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে'  বাবু ও আরিফ হোসেন নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, তিন রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি চাপাতি, ১০টি ককটেল ও চারটি মুখোশ উদ্ধার করা হয়। 
মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ও পার্বতীনগরের সোনাপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ আরিফ লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা মো. হারুনের ছেলে ও বাবু কল্যাণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রাতে ১০/১২ জনের একদল ডাকাত চরশাহী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও বাবু নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।
 
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, তিন রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি চাপাতি, ১০টি ককটেল ও চারটি মুখোশ উদ্ধার করা হয়।
 
অন্যদিকে, লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউসার বলেন, রাতে কয়েকজন ডাকাত পার্বতীনগরের কালি মন্দিরের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে আরিফ নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় আহত হয় তিন পুলিশ সদস্য। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি এলজি ও দুই রাউন্ড গুলি।
গুলিবিদ্ধ আরিফ সন্ত্রাসী বাশার বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে বলে জানান তিনি।