পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারকারী নিহত

আপডেট : ১২ মে ২০১৫, ১৭:১৮
কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন নামে তালিকাভুক্ত এক মানব পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার কক্সবাজার সদরের ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বেলাল হোসেন কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কাউয়ার পাড়ার মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে।  
 
পুলিশের দাবি, বেলাল হোসেন মালয়েশিয়ায় পাচারের জন্য ঈদগাঁও মেহের ঘোনায় অনেক লোক জড়ো করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এক পর্যায়ে পাচারকারীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে বেলাল  হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলাল হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এদিকে এলাকাবাসী জানায়, বেলাল হোসেন মূলত মানব পাচারকারীদের সহযোগী। তাদের গ্যাং লিডার কাউয়ারপাড়ার ছৈয়দ হোসেন। ছৈয়দ হোসেনের ছয় প্রধান সহযোগীর মধ্যে বেলাল অন্যতম। এ মানবপাচারকারী চক্রটি গত এক বছরে অন্তত চার হাজার মানুষকে ওই ঘাট থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাচার করেছে। এদের বেশির ভাগই নিখোঁজ।
 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বেলাল হোসেন একজন তালিকাভুক্ত মানব পাচারকারী। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে।