পুঁজিবাজারে দরসংশোধন

আপডেট : ১২ মে ২০১৫, ১৮:৫৬
 
 
 
পুঁজিবাজারে টানা পাঁচ দিন সার্বিক মূলসূচক বাড়ার পর মঙ্গলবার কিছুটা দরসংশোধন হয়েছে। উভয় পুঁজিবাজারে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। এ দিকে, মন্দা বাজারেও মিউচুয়াল ফান্ড খাতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এ খাতের ৮১ শতাংশ কোম্পানির ইউনিটের দর বেড়েছে। মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর প্রথম চারটিই মিউচুয়াল ফান্ডের। এগুলো হলো—এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ১ম, ট্রাস্ট ব্যাংক ১ মিউচুয়াল ফান্ড, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড-১ স্কিম-১।
তথ্যে দেখা গেছে—মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ কমে ৪ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২ কমে ১ হাজার ৬২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৩৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ৩১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭৭ কমে ১৩ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দর।