জাপানের উত্তর-পূর্ব উপকূলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। খবর: এএফপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় জাপানের হুনসু দ্বীপের পূর্ব উপকূলে বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা ১২ মিনিটে ভূপৃষ্ঠের ৩৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পে তাত্ক্ষণিকভাবে সুনামির কোনো হুমকি নেই। তবে ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তা ইয়োহেই হাসেগাওয়া জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। তবে এটি সমুদ্রে ঘটলে সুনামির ঘটনাও ঘটতে পারে।
