কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চৌদ্দগ্রাম এবং বুড়িচং উপজেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় বুধবার দুপুরে ফেনী থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে চৌদ্দগ্রামগামী গরুবাহী একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাপ ভ্যানের চালক নোয়াখালীর চাটখিল উপজেলার ভিমপুর গ্রামের ফয়েজ উল্লার পুত্র কিবরিয়া (২৫) এবং চল্লিশোর্ধ বয়সের অজ্ঞাতনামা তিন গরু ব্যবসায়ী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চালক ও এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, একই সময়ে মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালকসহ এর চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর বিকালে ইমন (১০) এবং অজ্ঞাতনামা সিএনজি চালকের (৪৫) মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার এসআই অমর চন্দ্র দাস জানান, আহতদের মধ্যে আনোয়ারা (নিহত ইমনের মা), আনোয়ার হোসেনের (৩৫) অবস্থা আশংকাজনক।
