গাইবান্ধার ফুলছড়ি, পলাশবাড়ী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক ঘটনায় বুধবার পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের রসুলপুর এলাকার চর থেকে খোকন আকন্দ (২৬) নামে এক নির্মাণ শ্রমিক, পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়নপুর গ্রাম থেকে সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার এবং গাইবান্ধা শহরের মহুরী পাড়া থেকে সঞ্জু মিয়ার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মন্ডল জানান, ব্রহ্মপুত্র নদের রসুলপুর এলাকার চর থেকে দুই হাত বাঁধা অবস্থায় খোকন আকন্দের লাশ বুধবার বিকাল তিনটার দিকে পুলিশ উদ্ধার করে। নিহত খোকন আকন্দ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের বাবু আকন্দের ছেলে। ওসি পরিবারের বরাত দিয়ে আরো জানান, নিহত খোকন ঢাকায় একটি কনস্ট্রাকশন ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি গত সোমবার ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছিলেন। ঢাকা থেকে একটি বাসযোগে মঙ্গলবার ভোর রাতে গাইবান্ধায় শহরে এসে তিনি পৌঁছান। সেখান থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশায় করে বাড়ীর পথে রওনা হন। এরপর তার আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দৃর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করে ব্রহ্মপুত্র নদে লাশ ফেলে দিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
এদিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উপজেলার পূর্ব নয়নপুর গ্রামে সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার লাশ ঘরের জানালার গ্রিলে রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। সুফিয়া বেগম ওই গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী। তিনি আরো জানান, দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন রোগব্যাধিতে ভুগছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পারিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
এছাড়া গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, গাইবান্ধা শহরের মহুরী পাড়া থেকে বুধবার বিকালে সঞ্জু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। ঘরের ধর্ণার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। সঞ্জু ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
তিনি আরো জানান, মায়ের সঙ্গে অভিমান করে তিনি বুধবার দুপুরের দিকে আত্মহত্যা করেন। এ ঘটনায় স্বাভাবি হত্যা মামলা হয়েছে।
