চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে র্যাব-৭। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- মোহম্মদ লোকমান, রাসেল, ইলিয়াস, ওলিউল্লাহ, রিয়াজ, ওসমান ও হান্নান।
র্যাবের ভাষ্যে, এমটি এনা নামের একটি ট্রলারে অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মিয়ানমার থেকে পতেঙ্গায় ইয়াবার একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকালে নগরীর পতেঙ্গায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন সাংবাদিকদের জানান, আটককৃতরা সবাই বাহক। তাদের জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
