রাস্তা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদে একটি প্রস্তাব

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:৪৭

রাস্তা দখল, ফুটপাত দখল নেই কোথায়? ঢাকার সর্বত্রই এ দৃশ্য দেখা যায়। তবে মিরপুর এলাকায় বেশি চোখে পড়ে। দখলদারিদের কেউ বসিয়েছে সবজির দোকান, চাল-ডাল-পিঁয়াজ-রসুনের দোকান। মাছ কিংবা মুরগির দোকানও দিয়েছে কেউবা। দিয়েছে ফলের দোকান, চায়ের দোকান, জামা-কাপড়ের দোকান, চটপটির দোকান, আরো কতকি। আবার কোনো কোনো অ্যালোটি দোকানি তার সামনের ফুটপাত পর্যন্ত সাবলেট হিসেবে ভাড়া দিচ্ছে ফল-ফলাদির ব্যবসায়ীদের কাছে। এরকম দৃশ্য মিরপুরের রূপনগর, পূরবী এলাকায় বেশি চোখে পড়ে। ফুটপাত ও রাস্তা দখলকারিদের কারণে জনগণ না পারে ফুটপাত দিয়ে হাঁটতে, না পারে রাস্তার পাশ দিয়ে হাঁটতে। প্রতিবাদ জানাবার সাহস পর্যন্ত নেই পথচারীদের। কারণ প্রতিবাদ জানালে রাস্তা দখলকারি দোকানিরা মারমুখি হয়ে ওঠে। রাস্তা-ফুটপাত দখলকারিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান হয়েছে—কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষকে বলছি—যারা রাস্তা-ফুটপাত দখল করে জনগণের চলাচলে বাধা দিয়ে আসছে তাদের মালামাল সামগ্রী ক্রোক করে এতিমখানায় বিতরণ করুন। আর ওদেরকে পরিবহনে উঠিয়ে দূরে বহু দূরে এক এক জনকে আলাদা আলাদা জায়গায় রেখে আসুন। ওদের পকেটে টাকা-পয়সা, মোবাইল না থাকতে পারে—সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে এই ফর্মুলাটি বাস্তবায়নের আগে রাস্তা-ফুটপাত দখলকারিদের শেষবারের মতো একটি ওয়ার্নিং দিয়ে নিতে হবে।

লিয়াকত হোসেন খোকন

ঢাকা