চলতি বছরে জিডিপি’র প্রবৃদ্ধি ৬.৫১ শতাংশ

আপডেট : ১৪ মে ২০১৫, ১৮:০৬
 
 
চলতি ২০১৪-’১৫ অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি হচ্ছে ৬.৫১ ভাগ। জিডিপি’র আকার চলতি মূল্যে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৫৯৯ কোটি টাকা। গত বছর তা ছিল ১৩ লাখ ৪৩ হাজার ৬৭৪ কোটি টাকা।
 
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে পরিকল্পণা কমিশনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনীতি পরিষদের সভায় এই প্রবৃদ্ধিকে অনুমোদন দেয়া হয়।
 
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
 
মন্ত্রী জানান, মোট জিডিপি’র মধ্যে কৃষি খাতের অবদান ১৫.৫৯ ভাগ , শিল্প খাতের অবদান ২৭.৯৮ ভাগ এবং সেবা খাতের অবদান ৫৬.৪২ ভাগ। গত বছর এ তিনটি খাতের অবদান ছিল যথাক্রমে কৃষিতে ১৬.১১ ভাগ, শিল্পে ২৭.৭১ ভাগ এবং সেবা খাতে ৫৬.১৮ ভাগ।
 
মন্ত্রী জানান, এ বছর এ তিনটি খাতে প্রবৃদ্ধির হার যথাক্রমে কৃষিতে ৩.০৪ ভাগ, শিল্পে ৯.৬ ভাগ এবং সেবায় ৫.৮৩ ভাগ। গত বছর প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে কৃষিতে ৪.৩৭ ভাগ, শিল্পে ৮.১৪ ভাগ এবং সেবায় ৫.৬২ ভাগ।