শ্রমিককে শিকলে বেঁধে কাজ করানোর অভিযোগ

আপডেট : ১৫ মে ২০১৫, ০১:২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শ্রমিককে কোমরে শিকল বেঁধে আড়াই মাস ধরে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এক মিল মালিকের বিরুদ্ধে। মিলটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে শিকল পরা ওই শ্রমিককে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে মিলটি সিলগালা করে দুইজনকে আটক করা হয়। গত বুধবার রাতে মিলটিতে অভিযান চালানো হয়। এর আগেই মিল মালিক পালিয়ে যান।

 
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত রহমানের ছেলে সোহেল তার রি-রোলিং মিলে তিতাস গ্যাসের পাইপ থেকে চুরি করে সংযোগ নিয়ে গত ৩ বছর যাবত্ পাওয়ারলুম মেশিনের পার্টস তৈরি করে আসছেন। সম্প্রতি এ বিষয়ে অভিযোগ পেয়ে তিতাস গ্যাসের সোনারগাঁও অফিস কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় মিলটিতে তল্লাশি চালায়। তারা মিলটির ভিতরে গিয়ে অন্যান্য শ্রমিকের সঙ্গে আনোয়ার হোসেন (২৫) নামের এক শ্রমিককে কোমরে শিকল পরা অবস্থায় দেখতে পান।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আনোয়ার মিল মালিকের নিকট থেকে অগ্রিম ৩০ হাজার টাকা নিয়েছিলেন। টাকা না দিয়ে চলে যেতে পারেন তাই তাকে শিকল দিয়ে বেেঁধ কাজ করানো হচ্ছিল। শিকল পরা শ্রমিক আনোয়ার হোসেন বগুড়া সদর থানার কর্মপুর দক্ষিণপাড়া গ্রামের আ. মজিদের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং মিল মালিক সোহেলকে না পেয়ে মিলে কর্মরত দুই শ্রমিক সোহেল (২০) ও নান্নু হাওলাদারকে (৪৫) গ্রেফতার করে। পরে মিলটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।