ভবিষ্যতের অনলাইন বিনোদনে ‘লাইভ টিভি ওয়ার্ল্ড’

আপডেট : ১৬ মে ২০১৫, ২১:০২
 
মহাখালীর প্রচণ্ড জ্যামে বসে আছেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট ডার্বি ম্যাচ চলছে। চাইলেই হেডফোন কানে লাগিয়ে লাইভ রেডিও আপডেট শুনতে পারেন সেসময়। কিন্তু তাতে কি মন ভরে? আফসোস করছেন ‘যদি বাসায় থাকতাম, তাহলে দেখতে পারতাম’ এই ভেবে। মোবাইলেই যদি লাইভ টিভি দেখা যেত, তাহলে আর এই আফসোস থাকত না। লাইভ টিভি দেখার এমন আফসোস মেটাবে বাংলাদেশের কাকতাড়ুয়া ডেভেলপার্স। ‘লাইভ টিভি ওয়ার্ল্ড’ নামে তাদের তৈরি অ্যাপ্লিকেশন মোবাইল ফোন, ডেস্কটপ এবং অন্যান্য ডিভাইসেও টিভি দেখার সুযোগ করে দেবে।
 
সম্প্রতি কাকতাড়ুয়া টেকনোলজি এবং ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও তানভীর হাসান সৌরভের কাছে জানা গেল অ্যাপ্লিকেশনটির সব খুঁটিনাটি বিষয়। তানভীরের পুরো দলই অক্লান্ত পরিশ্রম করেছে অ্যাপ্লিকেশনটি দাঁড় করানোর জন্য। কাকতাড়ুয়ার তৈরি করা এই লাইভ টিভি অ্যাপ্লিকেশনটি এরই মধ্যে প্রতিদিন প্রায় ৮০০০ মানুষ ব্যবহার করছেন। সারাবিশ্বে এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ লাখ। বিশ্বের প্রায় ২৫টি দেশে ব্যবহার করা যাচ্ছে এই অ্যাপ্লিকেশন। ফ্রি এবং প্রিমিয়াম দুই শ্রেণির গ্রাহকদের জন্যই সেবা দিয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশনটি। বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা মিডিয়া আর্কাইভ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে লাইভ টিভি ওয়ার্ল্ড।
 
বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় হ্যাকাথন ২০১৪ প্রতিযোগিতায় রানার-আপ হয় কাকতাড়ুয়া। বাংলাদেশের বাইরে বিশ্বের অন্যতম বড় প্রতিযোগিতা টেলিনর ডিজিটালে বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন এবং নরওয়েতে রানার-আপ পদক জিতে নেয় অ্যাপটি। জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা ২০১৪তেও নির্বাচিত হয়েছিল এই অ্যাপ। বর্তমানে এই অ্যাপ্লিকেশনে ২১৭ টি অনিবন্ধিত চ্যানেলসহ নিবন্ধন করা ১৬টি ভারতীয় চ্যানেল এবং আটটি বাংলাদেশি চ্যানেল দেখার সুযোগ রয়েছে। বিটিভি আর্কাইভের ১৯৬৪ সাল থেকে এখন পর্যন্ত সব প্রোগ্রাম দেখানোর জন্যও নতুন চুক্তি স্বাক্ষর করেছে অ্যাপ্লিকেশনটি। এ বছরের জুনে গ্রামীণফোনের জিপি টিভির সাথে এই আপ্লিকেশনও চালু করার জন্য গ্রামীণফোনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে কাকতাড়ুয়া।
 
৩৮০ কেবিপিএসের চাইতেও কম গতিতে স্ট্রিমিং করে দেখা যাবে এই অ্যাপ্লিকেশনের টেলিভিশন চ্যানেলগুলো। ক্লাউডের মাধ্যমেও কাজ করে অ্যাপ্লিকেশনটি। দ্রুতই এতে ‘লাইভ ক্যামেরা টিভি’ নামে নতুন একটি ফিচারও চালু হতে যাচ্ছে যার মাধ্যমে মোবাইল ক্যামেরা দিয়ে সরাসরি ভিডিও ধারণ করে লাইভ টিভিতে দেখানো যাবে।
 
লাইভ টিভি অ্যাপ্লিকেশনটিকে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে কাকতাড়ুয়ার। কাকতাড়ুয়া স্বপ্ন দেখছে নিজেদের পরিধি আরও বিস্তৃত করার। মিডিয়া এবং আর্কাইভ জগতে প্রতিষ্ঠিত হতে ২০১৭ সালের মধ্যে ২৫ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছাতে চায় এই প্ল্যাটফর্মটি।