রাজধানীসহ সারা দেশে বজ্রপাতে নিহত ৫

আপডেট : ১৫ মে ২০১৫, ২১:৪২
সারা দেশে শুক্রবার বজ্রপাতে স্কুলছাত্র, দুই কৃষক ও বৃদ্ধসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এরা হলো, স্কুলছাত্র মো. শহীদুল্লাহ (১৩), কৃষক নছর উদ্দিন (৬০), ছফির উদ্দিন (৩৫),  ইন্তাজ শেখ (৭১) ও বাদল (২৪)। সারা দেশ থেকে জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
 
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সকালে গন্ডা ইউনিয়নের কাওড়া গ্রামে বজ্রপাতে মো. শহীদুল্লাহ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শহীদুল্লাহ সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ধনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
 
জানা গেছে, উপজেলার গন্ডা ইউনিয়নের কাওড়া গ্রামের হাফেজ হাবিবুর রহমান চাকুরির সুবাদে দীর্ঘদিন ধরে সপরিবারে সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলায় বসবাস করছেন। তার স্কুল পড়ুয়া ছেলে মো. শহীদুল্লাহ গ্রীষ্মের ছুটি কাটাতে সম্প্রতি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওড়া গ্রামে বেড়াতে আসে। শুক্রবার সকালে সে গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলা করতে বাড়ির সামনের রাস্তায় গেলে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামে জমিতে কৃষি কাজ শেষে দুপুরের খাবারের সময় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, বেলদিয়া গ্রামের মিয়ার উদ্দিন মেঘুর ছেলে কৃষক নছর উদ্দিন (৬০) ও টাঙ্গাইল জেলার মধুপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে ছফির উদ্দিন (৩৫)। আহতরা হলনে, একই গ্রামের মো. শাহজাহান (৩৫), আহাম্মদ আলী (৪৫) ও রজব আলী (৩৫)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ঝিনাইদহ  ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা জানান, বিকালে শৈলকুপা উপজেলার কুমড়েদা গ্রামে ইন্তাজ শেখ নামে এক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে একই উপজেলার কুশোবাড়িয়া গ্রামে রূপালী বেগম নামে এ গৃহবধূ আহত হয়েছেন। ইন্তাজ শেখের পিতার নাম মৃত মোজাহার শেখ। আর রূপালী বেগমের স্বামীর নাম ওলিয়ার রহমান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বজ্রপাতে বাদল (২৪) নামের একজন নিহত হয়েছেন। জানা গেছে, বিকালে বাদল বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়।