পালরদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২শ’ বছরের প্রাচীনতম গৌরনদীর বন্দর-টিকাসার-দিয়াশুর সড়ক।
এক সময়ের ব্যস্ততম কাঁচা সড়কটি দীর্ঘদিন যাবত্ মেরামত-সংস্কার না করার কারণে চলাচলের অযোগ্য হয়ে এটি এখন নির্জন সড়কে পরিণত হয়েছে। সড়কটির বেহাল দশার কারণে বিপাকে পড়েছেন নদীপাড়ের কয়েকশ’ পরিবার।
সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্বাধীনতাপূর্ববর্তী সময়ে পূর্বাঞ্চলের লোকজনের গৌরনদী বন্দরে আসা-যাওয়ার একমাত্র সড়ক ছিল এটি। তখন প্রতিদিন কয়েক হাজার লোক পায়ে হেঁটে নদী দৃশ্য দেখতে দেখতে দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কে গৌরনদী বন্দরে যাতায়াত করত।
টিকাশার গ্রামের বরকতউল্লাহ, আলাউদ্দিন সরদার, মাদ্রাসা শিক্ষক মোশাররফ হোসেন ক্ষোভের সঙ্গে জানান, আমাদের বাড়ির পাশের রাস্তাটি নদীতে ভেঙে যাওয়ায় আমরা সবচেয়ে সমস্যায় পড়েছি। রাস্তার সমস্যার কারণে আমাদের উল্টাপথে গৌরনদী বন্দরে যাতায়াত করতে হয়। এ সমস্যা দেখেও কেউ সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছেন না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা সড়কটি সংস্কারের জন্য বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে গৌরনদীর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কটির সিংহভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সংস্কার জরুরি। বিষয়টি নিয়ে আমি স্থানীয় এমপির সঙ্গে কথা বলব। এ বিষয়ে তিনিই ব্যবস্থা নেবেন।
