কুমিল্লায় যানজটের পর অবরোধের কবলে মহাসড়ক

আপডেট : ১৫ মে ২০১৫, ২১:০৭
দীর্ঘ ১৫ ঘণ্টা যানজটের পর অবরোধের কবলে পড়ে ফের যানজটের সৃষ্টি হয়েছে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ।
 
মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। এতে মহাসড়কে ফের যানজট সৃষ্টি হয়।
 
শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় আটটা পর্যন্ত অবরোধের পর স্থানীয় সংসদ সদস্য’র হস্তক্ষেপে পুলিশ হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রলীগ।
 
জানা গেছে, জেলার তিতাস উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম (৩০) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকিরের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী মহাসড়ক অবরোধ করে।
 
সন্ধ্যা সাতটা ২০মিনিটের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলে মহাসড়কের উপর থেকে সাময়িকভাবে সরে দাঁড়ায় বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা। প্রায় ২৫ মিনিট বৃষ্টি শেষে পুনরায় মহাসড়কে অবস্থান নেয় তারা। এরই মধ্যে চান্দিনা ও দাউদকান্দি থানা পুলিশের সাথে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
 
অবরোধ চলাকালীন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক’র সাথে যোগাযোগ করা যায়নি। তবে, চান্দিনা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউসার আহমেদ জানান, পুলিশ সোহেল সিকদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। অবরোধও তুলে নেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।