শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ নয় দফা দাবিতে পলাশ শিল্প এলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার এক ঘণ্টা মিলের উত্পাদন বন্ধ রেখে শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ব্যানারে আয়োজনে মিলের সিবিএ সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও হারুন অর রশিদ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি, শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকা ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নতুবা আগামী ৪ মার্চ রাজপথে বিক্ষোভ, ১২ মার্চ ধর্মঘট পালনের সমর্থনে ১০ মার্চ লাল পতাকা মিছিল এবং ১২ ও ১৩ মার্চ দুই দিন ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন।
