খাগড়াছড়িতে সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫) নামে সাবেক এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে জেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াপুর ধর্মগড় এলাকায় সতীন্দ্রকে হত্যা করে দুর্বৃত্তরা।
সতীন্দ্র লাল ত্রিপুরার স্বজনদের সন্দেহ, বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সংগঠন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে একটি চায়ের দোকানে বসে ছিলেন সতীন্দ্র। একটি ফোন আসার পর তিনি কাছের খালপাড়ে যান। সেখানেই তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি বলে জানান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের একটি দলও ঘটনাস্থলে তদন্ত কাজে গেছে।
