নড়াইলে দাঙ্গা ও মাদক বিরোধী সমাবেশ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:০৪

নড়াইলে দাঙ্গা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার শড়াতলা ও রামচন্দ্রপুর গ্রামের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান সংঘাতের অবসান ঘটেছে।

গত শুক্রবার বিকালে সদরের আউড়িয়া ইউনিয়নের বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ড মাঠে জেলা পুলিশের আয়োজনে দীর্ঘ দশ বছরের বিরোধ মীমাংসার জন্য দাঙ্গা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ। সমাবেশে শড়াতলা গ্রামের রবি মোল্যা ও জামাল ফকিরের কোলাকুলির মাধ্যমে তাদের মধ্যে বিরোধের অবসানের ঘোষণা প্রদান করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মুচলেকা প্রদান করেন দুই পক্ষের নেতৃবৃন্দ।  নড়াইল থানা সূত্রে জানা যায়, শড়াতলা ও রামচন্দ্রপুর এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রায় কুড়িজন পঙ্গুত্ব জীবন-যাপন করছে। এছাড়া তাদের মধ্যে পরস্পরের ২২টি মামলা হয়েছে। আর মামলা চালাতে ও অন্যান্য কারণে  প্রায় ১৭ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে উভয় পক্ষের।