বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় বইপড়া কর্মসূচির নির্বাচিত সেরা পাঠকদের নিয়ে “বাংলাদেশকে জানো” শীর্ষক শিক্ষাসফর-২০১৫ শুরু হয়েছে। এই শিক্ষাসফরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের আটজন সেরা পাঠক অংশ নিচ্ছে।
শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শিক্ষাসফরের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মাদ আব্দুল আউয়াল, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মোঃ মাসুদ এবং উপদেষ্টা অঞ্জন কুমার দে।
আজ রবিবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনের মধ্য দিয়ে দলটি তাদের ভ্রমণ শুরু করবে এবং ৩০ মে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার মধ্য দিয়ে ভ্রমণ শেষ করবে।
১৫ দিনের এই ভ্রমণে সফরকারী দল জাতীয় স্মৃতি সৌধ, মহাস্থানগড়, কান্তজিউর মন্দির, পাহাড়পুর বৌদ্ধ বিহার, গণভবন, লালনের মাজার, শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, মুজিবনগর, সাগরদাঁড়ী, সুন্দরবন, ষাট গম্বুজের মসজিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সৌধ, শিল্পী এস.এম সুলতানের বাড়ি ও জাদুঘর, শ্রীমঙ্গলের চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাত, জাফলং, শালবন বিহার, কাপ্তাই লেক, স্বর্ণ মন্দির, নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র, নীলগিরীসহ দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানসমূহ ভ্রমণ করবে।
