মফস্বলের হাসপাতালে সেবা কার্যক্রমে তদারকি নেই

আপডেট : ১৮ মে ২০১৫, ০০:৪৭

১৯৮৫ সালের নিয়োগ ও পদোন্নতি বিধি অনুযায়ী জেলা পাবলিক হেলথ নার্সদের পদোন্নতির সুযোগ নেই। জেলার সকল উপজেলা ও কমিউনিটি হাসপাতালে তাদের কর্মপরিধি। সেবা পরিদফতরের বিদ্যমান নিয়োগ বিধি অনুযায়ী জেলা পাবলিক হেলথ নার্সদের পদোন্নতির নির্দেশনা নেই। এছাড়া পাবলিক হেলথ নার্সদের জেলায় থেকেই দায়িত্ব পালন করতে হবে। নিয়োগ বিধিতে হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং কলেজে পদায়ন বা বদলির সুযোগ নেই।

 
সম্প্রতি ৩৪ জন পাবলিক হেলথ নার্সকে পদোন্নতি দেয়া হয়েছে। তাদেরকে সেবা পরিদফতরসহ ঢাকার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে সংযুক্তি করার জন্য মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে। তবে সংযুক্তির নামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গ্রুপ বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া পাবলিক হেলথ নার্সরা বর্তমানে ঢাকায় অবস্থান করায় ৩৪ জেলায় নার্সিং কার্যক্রম মনিটর করার কেউ নেই।
 
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাবলিক হেলথ নার্সদের কোন ধরনের সংযুক্তি হবে না। যার যেখানে পোস্টিং তাকে সেখানেই থাকতে হবে।
 
জানা যায়, দীর্ঘদিন থেকেই পাবলিক হেলথ নার্সরা অবৈধভাবে সেবা উপ-পরিচালক, সহকারী পরিচালক, প্রকল্প পরিচালক এবং নার্সিং কলেজ ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও চলতি দায়িত্বে বহাল রয়েছেন। এই আদেশ বহাল রাখা হলে পাবলিক হেলথ নার্সের পদে দায়িত্ব পালনের কেউ থাকবে না।
 

নিয়োগবিধিতে উল্লেখ আছে (১৯৭৭, ১৯৭৯, ১৯৮৫), কেবল বিএসসি নার্সিং ও এমএসসি ডিগ্রিপ্রাপ্ত নার্সরা বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবে। দেশে এখন এই ডিগ্রিপ্রাপ্ত প্রায় দেড় হাজার নার্স রয়েছে। পাবলিক হেলথ নার্সদের চলতি দায়িত্বের পদগুলো অবৈধভাবে দখল করার কারণে ডিগ্রিপ্রাপ্ত নার্সরা উপযুক্ত পদায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত।