গফরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির গ্রাম কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন ক্ষেতমজুর নেতা ছালাম। সভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি, সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড আজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক কমরেড সাইফুস সালেহীন, ক্ষেতমজুর সমিতি গফরগাঁও উপজেলা কমিটির সভাপতি রোস্তম আলী, স্থানীয় ক্ষেতমজুর নেতা নাজমুল হক প্রমুখ। সভা শেষে নাজমুল হককে সভাপতি, মো. কামাল মিয়াকে সাধারণ সম্পাদক ও আ. ওয়াহাবকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়।
মতলবে এমপি নুরুল আমিন
রুহুলকে সম্মাননা প্রদান
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠন চির সবুজ সমবায় সমিতি লিঃ-এর পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল শনিবার মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। একইসাথে বিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করে সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়াম্যান কাজী সালাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান, পরিচালক ইব্রাহিম খলিল রিপন প্রমুখ।
সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ সভা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে গতকাল শনিবার গোপালপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা করা হয়। যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুস সাত্তার, সহ-সভাপতি কেএম মিঠু ও আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক কায়ছার মিয়া, সম্মানিত সদস্য সাইফুল ইসলাম, নূর আলম প্রমুখ।
ধামরাইয়ে ক্রিকেট টুর্নামেন্টের
ফাইনাল খেলা অনুষ্ঠিত
ধামরাই (ঢাকা) সংবাদদাতা গতকাল শনিবার ঢাকার ধামরাইয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৬ টিমের এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বালিয়া একাদশ ও হাজীপুর সমাজ উন্নয়ন সমিতি। হাজীপুর সমাজ উন্নয়ন সমিতি ২৫০ রান করে বালিয়া একাদশকে ১৩০ রানে পরাজিত করে। এতে সভাপতিত্ব করেন চৌহাটের ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি। এ সময় প্রধান অতিথি ছিলেন খান এসোসিয়েটস-এর সিইও এবং গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাড. এ. আর. খান রানা। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আবু সাইদ বাদল, কাজী জহিরুল ইসলাম মিলন ও নাসির উদ্দিন প্রমুখ।
শরণখোলায় পাঁচ ডাকাত আটক
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শনিবার ভোররাতে শরণখোলায় ডাকাতি করে পালানোর সময় জনতা পাঁচ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার ধানসাগর গ্রামের ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বুলবুল হাওলাদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ী কামরুজ্জামান বুলবুল জানান, ঘরের জানালা ভেঙে ও সিঁদ কেটে পাঁচ ডাকাত তার বসতঘরে প্রবেশ করে প্রথমে তাকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা তার স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে রাম দা ও পাইপ গান ঠেকিয়ে জিম্মি করে। বাইরে আরো চার-পাঁচজন ডাকাত অবস্থান করছিল। ডাকাতরা চাবি নিয়ে আলমারি খুলে ৫৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতরা যাওয়ার সময় পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার কেয়ার বাজারের জনগণের হাতে ধরা পড়ে। শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, এ ব্যাপারে শরণখোলা থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদীতে গণপিটুনিতে ডাকাত নিহত
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা শুক্রবার গভীর রাতে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা জানান, রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে। এ সময় বাড়ির মালিকের চিত্কারে এলাকাবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ধুনটে বিকাশ এজেন্টের টাকা ও মোবাইল ছিনতাই
ধুনট (বগুড়া) সংবাদদাতা শুক্রবার সন্ধ্যায় ধুনটে আব্দুল মান্নান নামে এক বিকাশ এজেন্টের ৬০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনতাই করেছে ছিনতাইকারীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর বাজরে দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছেন আব্দুল মান্নান। ঘটনার দিন মথুরাপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আব্দুল মান্নান একাই বাইসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় উলিপুর গ্রামের মোড়ে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী আব্দুল মান্নানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর মান্নানের ব্যাগে রাখা ৬০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
