অমনোযোগী হচ্ছে মানুষ

আপডেট : ১৮ মে ২০১৫, ১৭:০৯
 
নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষের মনোযোগের সময় কমে যাচ্ছে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই জানিয়েছে মাইক্রোসফট।
 
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে সোমবার ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষের মনোযোগের সময় কমে দাঁড়িয়েছে মাত্র ৮ সেকেন্ডে। অর্থাৎ গড়ে একটানা একজন মানুষ ৮ সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারছেন না।
 
মাইক্রোসফট বলেছে, মানুষের মনোযোগের গড় সময় এখন এতটাই কমে গিয়েছে যা একটি গোল্ড ফিসের মনোযোগের থেকেও কম। আর এর মূলে রয়েছে প্রতি মুহূর্তে প্রযুক্তির ব্যবহার।
 
সম্প্রতি ৫৪ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে মাইক্রোসফট। কানাডা থেকে ১৮ বছরের বেশি বয়সী দুই হাজার জনের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই মানুষেরা ডিজিটাল প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
 
তাদের মস্তিষ্ক প্রযুক্তি ব্যবহারের সময় পরীক্ষা করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, আগে মানুষের মনোযোগ দেওয়ার সময় গড়ে ১২ সেকেন্ড ছিল। যা এখন অনেকটাই কমে ৮ সেকেন্ডে এসে দাঁড়িয়েছে।