সাভারে শ্রমিক কলোনীতে আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০০:১১

সাভারে তিনটি শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনীর শ্রমিকদের বসবাসের ৭৩টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও পুড়ে গেছে এসব কক্ষে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী। রবিবার রাতে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার মোঃ আলী হাসান, আলমগীর হোসেন ও শামসুল হকের মালিকানাধীন শ্রমিক কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া কক্ষের বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটে আইসক্রীম ব্যবসায়ী খোকনের কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী শামসুল হক এবং আলী হাসানের বাড়িতে ছড়িয়ে পড়ে। শ্রমিক কলোনীর মালিক মোঃ আলী হাসান বলেন, আগুনে তার ২০টি টিনসেড ঘর এবং ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। এসময় তার একটি গরুর খামার এবং আরো ১৫টি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।