‘ভবিষ্যত্ নেতৃত্বের কাছে প্রত্যাশা অসাম্প্রদায়িক ও নৈতিক মূল্যবোধ’

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা অতীতের ন্যায় অসাম্প্রদায়িক ও উদার নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ঐতিহাসিক এই বটতলায় সমবেত হয়েই ১৯৭১ সালের ২রা মার্চে তত্কালীন ডাকসুর নেতৃবৃন্দ বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন। এছাড়া নানা কারণে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসটি আরও তাত্পর্যপূর্ণ হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য। তত্কালীন ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক) ছাত্ররা সেসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেন বলেও উপাচার্য উল্লেখ করেন।

প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ইতিহাসের ধারাবাহিকতায় রচিত হয়েছে এই ২রা মার্চের বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা উত্তোলন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষক শারমিন জাহান চৌধুরী।

সভাপতির ভাষণে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ১৯৭১ সালের অগ্নিঝরা ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতভয় ছাত্র সমাজ ও জনতা ঐতিহাসিক এই বটতলায় গর্জে ওঠে প্রথম উত্তোলন করেছিল বাংলাদেশের পতাকা। তার কিছুদিন পর ২৩ মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকার পরিবর্তে সারা দেশে অফিস-আদালত ও ঘরে ঘরে শোভা পায় এই পতাকা। এই পতাকার মর্যাদা আমাদের সবাইকে রক্ষা করতে হবে।

আলোচনা পর্ব শেষে প্রখ্যাত সংগীত শিল্পী অনুপ ভট্টাচার্যের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।