স্বপ্ন দেখালো বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:৩৪

 ‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী, ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী সবার সাথে ভাব করি...’। মঞ্চে একদল ছেলেমেয়ে কি সুন্দরভাবেই না গাইছে গানটা। সাথে পরিবেশন করছে নৃত্য। সামনে প্রায় হাজার দুয়েক দর্শকশ্রোতা। সবাই মুগ্ধ হয়ে তাদের পরিবেশনা উপভোগ করছে; কিন্তু কে বলবে এই শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী? অন্যের সহযোগিতা ছাড়া তারা চলতে পারে না।

গতকাল শনিবার রাজধানীর ডিয়াবাড়ি আর পি সিটি প্রাঙ্গণে ‘আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট’ এই বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের একটু আনন্দ দিতেই এক অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সুইড বাংলাদেশ-এর ১৯টি স্কুলের ২ হাজার বুদ্ধি প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অংশ নেয়।

অনুষ্ঠানে ‘আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সুইড বাংলাদেশকে ৩০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি হস্তান্তর করেন।

ফরিদ আহমেদ ভুঁইয়া বলেন, বুদ্ধি প্রতিবন্ধী এসব শিশুকে একটু আনন্দ দিতেই আমরা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের নিজেদেরই সন্তান। তাদের দিকে সবাইকে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে।

সুইড বাংলাদেশ-এর মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন বলেন, বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে আমরা কাজ করি। যাদের বুদ্ধি বিকশিত হয়নি, নিষ্পাপ, অবুঝ এইসব শিশু আমাদের শিক্ষার্থী। ২০০৬ সাল থেকে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তিনি জানান।

‘আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট’-এর ভাইস চেয়ারম্যান ডা. তাজকেরা খানম বলেন, আজকের এই অনুষ্ঠানে যেসব অভিভাবক এসেছেন তাদের বুক ভরা অনেক কান্না। আমি তাদের উদ্দেশে বলব, আনন্দের মাঝে এই বিশেষ শিশুদের রাখবেন। তাদের ভালবাসা দিয়ে আগলে রাখতে হবে। দিনব্যাপী এই আনন্দ মেলায় বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয় ও কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করে।