আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০০:১১

আড়াইহাজারে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের লিয়াকত আলী ৩৫ শতাংশ সম্পত্তির মালিকানা ও দখলে আছে। একই গ্রামের জসিম গং উক্ত সম্পত্তিতে ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে সোমবার সকালে উক্ত সম্পত্তি দখল করতে যায় এবং সম্পত্তিতে থাকা গাছপালা কেটে ফেলে। লিয়াকত গং এর প্রতিবাদ করলে জসিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

লিয়াকত অভিযোগ করে বলেন, কাগজপত্র সব আমাদের পক্ষে। জোরপূর্বক আমাদের জমি জসিম গং দখল করতে চাইলে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যাপারে ২টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজয় দিবস সুষুমভাবে সম্পন্ন করার লক্ষ্যে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল সোমবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার  (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দফতরের প্রধান, সকল স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ অংশ নেন।