স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংগঠনকে শক্তিশালী এবং যথা সময়ে সম্মেলন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের সুফল বয়ে আনবে না। ইউনিয়ন থেকে শুরু করে জেলা-উপজেলায় দলীয় সম্মেলন যথাসময়ে করতে হবে।
সৈয়দ আশরাফ মঙ্গলবার শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শহীদ পৌরমাঠে জেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের সভাপতিত্বে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক খাদ্য মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, পাট বস্ত্র প্রতি মন্ত্রী মির্জা আজম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন।
সৈয়দ আশরাফ বলেন, যদি আমরা নির্ধারিত সময়ে সম্মেলন না করতে পারি তাহলে নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব আসবে না। তাই জেলা উপজেলা পর্যায়ের নেতাদের দলীয় শৃঙ্খলা মেনে আগামী সম্মেলনগুলো নির্ধারিত সময়ে করতে হবে। তা না হলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে না।
বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, দেশকে এগিয়ে নেওয়ার সরকার। আমরা স্কুলে শিক্ষার্থীদের জন্য ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরন করেছি। আগামীতে প্রত্যেক শিক্ষার্থীকে ল্যাপটফ বিতরন করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকারের উন্নয়ন বাংলার জনগন স্বচোখে দেখতে পারছেন।
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রই নন তিনি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টাও। বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য জয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।
