মিরপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকালে ৪ জন আটক

আপডেট : ১৯ মে ২০১৫, ২১:৩৬
রাজধানীর মিরপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি ও অপহরণকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পালিয়ে যায় ডাকাতদলের আরও তিন সদস্য। 
 
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সোহেল, মিজানুর রহমান, আলামিন ও মোস্তফা কামাল। 
 
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, দারুস-সালাম রোডের একটি ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন এক ঠিকাদার। এ সময় ওই ডাকাতদল একটি মাইক্রোবাসে করে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে তুলে নেয়। পরে তার চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে মিরপুর কমার্স কলেজের রাস্তা অতিক্রম করার সময় এক ব্যক্তি পুলিশের সার্জেন্ট সাজ্জাদ হোসেনকে বিষয়টি জানায়। পরে সার্জেন্টসহ স্থানীয়রা মাইক্রেবাসটিকে ধাওয়া করে ডাকাতদলের চার সদস্যকে আটক করেন। ডাকাতদের কাছ থেকে একটি ওয়াকিটকি, দুটি হাতকড়া ও তাদের বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ সময় ডাকাতদলের অন্য তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়া ডাকাতদের খুঁজে বের করতে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি।