সত্যিকার আন্দোলন নষ্ট করতেই মানুষ হত্যা করেছে বিএনপি: আমু

আপডেট : ১৯ মে ২০১৫, ২১:৪০
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, রাজনৈতিক দলগুলোর জন্য আগামী দিনে সত্যিকার আন্দোলন নষ্ট করে দিতেই বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে।
 
 মঙ্গলবার ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ গ্রন্থের সংবাদ চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় না, তাই আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
 
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ অতীতে অনেক আন্দোলন করেছে। কিন্তু কখানোই আন্দোলন করার সময় পেট্রোল বোমা মেরে নিরীহ ঘুমন্ত শিশু-নারীকে হত্যা করিনি। তিনি বলেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, আগামীতে দেশে কোনো রাজনৈতিক কর্ম তত্পরতা চলুক, সেটি এই অপশক্তিরা চায়না।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীর ৬ নম্বর গ্যালরীতে যুবলীগ এ প্রদর্শনীর আয়োজন করে। আমির হোসেন আমু ছাড়াও গতকাল এ প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক, আর টিভির ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম, অভিনেতা এম এ আজিজ প্রমুখ।
 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, শিরাজুল ইসলাম মোল্লা এমপি, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহাম্মেদ মহী, মন্জুর আলম শাহীন, যুবলীগ ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।