সৌদি আরবে পাঠানোর জন্য নারী গৃহকর্মী বাছাই ২৪ থেকে ৩০ মে

আপডেট : ২০ মে ২০১৫, ০১:৩৪

সৌদি আরবে পাঠানোর জন্য নারী গৃহকর্মী বাছাই চলবে ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত। ৪২টি জেলার কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে রিক্রুটিং এজেন্সিগুলো এই বাছাই কাজ করবে। যদিও সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানোর জন্য সারাদেশে নিবন্ধন আহ্বান করা হলেও তেমন সাড়া মেলেনি। মাত্র দুই হাজার ৯৭৬ জন এতে নিবন্ধন করেন। কিন্তু আগামী এক মাসের মধ্যেই সৌদি আরবে ২০ হাজার নারী কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যেই এবার সারাদেশে নারী গৃহকর্মী বাছাই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ১০০টি রিক্রুটিং এজেন্সি ২০০ জন করে নারী কর্মী পাঠাবে। এ জন্য সারাদেশে বাছাই সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। লাগবে ১২ কপি ছবি, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও স্থানীয় চেয়ারম্যানের সনদ।

 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানিয়েছে, গৃহকর্মী হিসেবে কাজ করলে যাবেন তাদের ন্যূনতম বেতন হবে ১৬ হাজার টাকা। ওভারটাইমসহ  সেটি ২০ হাজার টাকা হতে পারে। চাকরির মেয়াদ হবে দুই বছর। পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে কোন সমস্যা হলে তাত্ক্ষণিকভাবে যোগাযোগ করা যাবে। আর এই কর্মীদের পাঠানোর আগে যে প্রশিক্ষণ দেয়া হবে, সরকারই সেই খরচ বহন করবে।