ইন্টারনেটের এই যুগে এসে সব ধরনের যোগাযোগের মাধ্যম যখন ডিজিটাল মাধ্যমে পরিণত হয়েছে, তখন তথ্যের সুরক্ষা আর নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এনক্রিপশন পদ্ধতিই নিশ্চয়তা দিয়ে আসছে ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ডিজিটাল যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য এই এনক্রিপশন পদ্ধতিতে নিজেদের অ্যাকসেস নিশ্চিত করতে চায়।
তাদের এই চাহিদা সার্বিকভাবে ডিজিটাল যোগাযোগের মাধ্যমগুলোকে অরক্ষিত করবে বিধায় এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের বিপক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছে প্রযুক্তিবিশ্ব। গুগল, অ্যাপলের মতো শীর্ষস্থানীয় সব প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে ডিজিটাল তথ্যের সুরক্ষা নিয়ে কর্মরত গবেষক, প্রযুক্তি বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধিদের অনেকেই একই মত প্রদান করেছেন।
এই সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বরাবর সকলের সম্মিলিত স্বাক্ষরে লেখা একটি চিঠিও প্রেরণ করা হয়েছে। শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থাকে ‘আধুনিক তথ্য-অর্থনীতির নিরাপত্তার ভিত্তি’ হিসেবে উল্লেখ করে এই চিঠিতে বলা হয়েছে, এনক্রিপশন ব্যবস্থায় সুনির্দিষ্ট কারও জন্য অ্যাকসেস তৈরি করতে গেলে তা সকলের জন্যই উন্মুক্ত হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে কেবল মার্কিন সরকারি সংস্থাগুলো এই এনক্রিপশনে প্রবেশ করতে পারলে হ্যাকার কিংবা অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলোও একই পদ্ধতিতে গ্রাহকদের বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে, যা সার্বিকভাবে ডিজিটাল যোগাযোগ মাধ্যমের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দেবে। এ কারণেই প্রযুক্তি কোম্পানি ও বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে শক্তিশালী একটি এনক্রিপশন ব্যবস্থাকে সমর্থনের জন্যই সর্বোত আহ্বান জানিয়েছে। প্রযুক্তি কোম্পানি ও বিশ্লেষকরা ছাড়াও বারাক ওবামার প্রযুক্তি নীতিমালা রিভিউ গ্রুপের পাঁচ সদস্যের তিনজনও স্বাক্ষর করেছেন এই চিঠিতে।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক জেমস কমি নিরপরাধ ব্যক্তিদের সুরক্ষিত রাখার প্রতি জোর দিয়েই ডিজিটাল যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রবেশাধিকার চেয়েছেন। অবশ্য তার বক্তব্যের বিরোধিতা করেছেন ওবামার প্রযুক্তি নীতিমালা রিভিউ গ্রুপের সদস্য রিচার্ড এ ক্লার্ক। কমিকে তার দেখা ‘সেরা এফবিআই পরিচালক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘সে আমার দেখা সেরা এফবিআই পরিচালক হলেও এই ইস্যুতে তার অবস্থান সঠিক নয়।’ ডিজিটাল মিডিয়া ও নিরাপত্তা গবেষকরাও এনক্রিপশনে এফবিআই বা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির প্রবেশাধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই ইস্যুতে আর সময় ক্ষেপণ না করে বরং ডিজিটাল মিডিয়ায় নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করার পক্ষে মার্কিন সরকারকে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
