ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে পরিবহনশ্রমিক আটকের ঘটনায় যশোরের বেনাপোল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রেখেছে শ্রমিক নেতারা। এতে ভোগান্তিতে পড়েছেন ভারত থেকে আসা যাত্রীরা।
যশোর জেলা বাস, মিনিবাস, ট্রাক-লরি মালিক-শ্রমিক সমম্বয় কমিটির সেক্রেটারি পবিত্র কাপুড়িয়া জানান, সোহাগ পরিবহনে ডাকাতির সাথে বাসের স্টাফ জড়িত থাকতে পারে না। তাদের বিনাদোষে আটক করা হয়েছে। আটক চালক, হেলপার, সুপারভাইজার ও চেকারকে না ছাড়া পর্যন্ত দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
সোহাগ পরিবহনের ম্যানেজার সহিদুল ইসলাম জানান, সোমবার রাতে সোহাগ পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে ছেড়ে ফেরি পার হয়ে মাইসকান্দি নামক স্থানে আসলে যাত্রীবেশে বাসের ভিতর থাকা ৭/৮ জনের ডাকাতের একটি দল অস্ত্রের মুখে ড্রাইভারকে জিম্মি করে বাসের যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকাসহ সবকিছু লুট করে নিয়ে যায়। পরে মঙ্গল সকাল ছয়টার দিকে ড্রাইভার গাড়ী নিয়ে মধুখালী থানায় জিডি করতে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ উল্টো ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও এক চেকারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়েছে।
