জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ আজ রবিবার রংপুরে যাচ্ছেন। গত বছর একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজই প্রথম রংপুর যাচ্ছেন তিনি। অসুস্থতার কারণে ঢাকায় ও সিঙ্গাপুরে চিকিত্সাধীন থাকায় নির্বাচনের আগে এমনকি পরেও তিনি রংপুরে যেতে পারেননি। চারদিন রংপুরে থাকাকালে তিনি অবস্থান করবেন নিজ দলের এক নেতার মালিকানাধীন হোটেলে।
গতকাল শনিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশে রওনা হবেন এরশাদ। রংপুর সেনানিবাসে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে এরশাদ সরাসরি হোটেলে যাবেন। রংপুর সফরকালে এরশাদের সঙ্গে থাকছেন দলের মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
রাঙ্গা গতকাল ইত্তেফাককে জানান, রংপুরে এরশাদের নিজ বাড়ি ‘পল্লীনিবাস’ ভেঙে নতুন করে বাড়ি বানানো হচ্ছে। নির্মাণ কাজ এখনও শেষ না হওয়ায় তিনি এবার হোটেলে থাকবেন। আর মূলত নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতেই তিনি রংপুর যাচ্ছেন। এর বাইরে দলীয় বা অন্য কোনো কর্মসূচি নেই এরশাদের।
