৬ মাসের শিশুপুত্রসহ মায়ের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৫, ১৪:৩৮
 
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকাপুুর গ্রামে ছয় মাসের ছেলেসহ এক মা নিজ ঘরে ‘অগ্নিদ্গ্ধ’ হয়ে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহত হাসিনা বেগম (৩০) সরকাপুর গ্রামের প্রবাসী শাহজাহান মিয়ার দ্বিতীয় স্ত্রী। হাসিনার বাবা একই উপজেলার শ্রীচাইল মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন আহম্মেদের অভিযোগ, শাহজাহান মিয়ার আগের সংসারের স্ত্রী-সন্তানরা ষড়যন্ত্র করে তাদের হত্যা করেছে।
 
শামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘শাহজাহান ১৯ মে টেলিফোনে আমাকে বলেছে তার স্ত্রী, আমার মেয়ে হাসিনাকে যেন অবিলম্বে আমার বাড়ীতে নিয়ে আসি। না হলে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলতে পারে।’ তিনি আরো বলেন, ‘আমার মেয়ে ও নাতি যে খাটে শুয়েছিল সে খাটটি অক্ষত রয়েছে অথচ তারা দুজনেই রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। আমার ধারণা তাদেরকে অগ্নিদগ্ধ করে হত্য করা হয়েছে ।
 

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রতিবেশিদের কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে এর রহস্য উদঘাটিত হবে।