ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এই মাঠে ফিরে এসে টিম সাউদি আবারো নিজের সুখস্মৃতি ফিরিয়ে আনতে চান।
দুই বছর আগে এক ম্যাচে ১০৮ রানে ১০ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন নিউজিল্যান্ডের এই সুইং বোলার। ম্যাচটির দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ৬৮ রানে অল আউট হলে ১৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল কিউইদের। বিশ্বকাপেও সাউদির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ওয়েলিংটনে ৮ উইকেটে বিধ্বস্ত করেছিল ব্ল্যাক ক্যাপসরা। সাউদির ৭ উইকেট প্রাপ্তিই ইংল্যান্ডকে মূলত বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল। এখন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার শততম টেস্ট ম্যাচটিতে লাল-বলে এই সাফল্য দেখাতে মুখিয়ে আছেন ২৬ বছর বয়সী এই পেসার।
সাউদি বলেছেন, ‘যে মাঠে সাফল্য আছে সেখানে বার বার ফিরে আসাটা সত্যিই দারুণ এক মুহূর্ত। কিন্তু বৃহস্পতিবার আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে।’
