ন্যায্যমূল্য না পেয়ে সড়কে ধান ফেলে প্রতিবাদ

আপডেট : ২১ মে ২০১৫, ১১:২২


ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ায় সড়কে ধান ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের বিক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত চাষিরা। বুধবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে এবং শত শত ক্ষতিগ্রস্ত চাষির অংশগ্রহণে মহানগরীর সাতমাথা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তির শিকার হয় সাধারণ যাত্রীরা।

পরে সেখানে এক সমাবেশে বক্তারা বলেন, এ বছর প্রতি মণ ধান উত্পাদনে কৃষকের খরচ হয়েছে ৭শ’ থেকে ৭শ’ ৫০ টাকা। অথচ বর্তমানে কৃষকদের বাধ্য হয়ে ৪শ’ থেকে ৪শ’ ৫০ টাকায় প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে। সরকার মণ প্রতি ৮শ’ ৮০ টাকা ধানের মূল্য নির্ধারণ করে ক্রয়ের ঘোষণা দিলেও কোথাও কোন ধান ক্রয় করেনি। ফলে সর্বস্বান্ত হচ্ছে কৃষকরা। প্রতি বছর এভাবে ফসলের ন্যায্যমূল্য না পাওয়াই যেন কৃষকের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অবিলম্বে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরকার ঘোষিত মূল্যে ধান ক্রয়ের দাবি জানান। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের জেলা সংগঠক, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন তিতু, কৃষকফ্রন্টের জেলা সংগঠক আনোয়ারুল ইসলাম, বাবু মিয়া, নূর ইসলাম, ক্ষতিগ্রস্ত ধান চাষি বাদশা মিয়া প্রমুখ।