মেক্সিকোর গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে বিবদমান সশস্ত্র দলের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরো ৮ জন আহত হন। স্থানীয় সময় বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ফেডারেল সরকার এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে লাকোতেপেক মিউনিসিপালটিতে সেনা মোতায়েন করা হয়েছে। তিনটি বড় অস্ত্র ও চারটি যানবাহন জব্দ করা হয়েছে।
মাদক চক্রগুলো দুর্গম পাহাড়ি অঞ্চলটিকে সাধারণত পপি চাষের জন্য ব্যবহার করে।
গুয়েরেরো রাজ্য সরকার জানিয়েছে, এই ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
এই সংঘাতে কারা জড়িত ছিল ফেডারেল সরকার তা জানায়নি।
তবে রাজ্যের প্রসিকিউশন কার্যালয় থেকে বলা হয়েছে, ‘এল নারাঞ্জোর বেশ কয়েকটি স্থানে হিটম্যানদের মধ্যে সংঘর্ষ ঘটে।’
রাজ্য সরকারের সেক্রেটারি জেনারেল ডেভিড সিনফুয়েগোস বলেন, এই সংঘর্ষে সরকারের কোন বাহিনীর কোন সম্পৃক্ততা ছিল না।
রাজ্যের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে এই সংঘর্ষ শুরু হয়।
-বাসস।
