রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এবার একটি ভাঙ্গারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বিকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন— দোকান মালিক সুমন খান (৩৫), কর্মচারী নুরে আলম (৩১) ও সুমন (৩০)।
চিকিত্সাধীন নুরে আলম জানান, চকবাজার কামালবাগ ভেড়িবাঁধ সংলগ্ন সুমন খানের ভাঙ্গারির দোকানে তিনি এবং সুমন কাজ করেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গারির মালামালের মধ্যে স্প্রে করা রংয়ের খালি বোতল, পারফিউমের খালি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিস একত্রে করেন। এরপর সেগুলো প্রক্রিয়া করার জন্য একটি মেশিনের নিচে দিয়ে চাপ দিলে হঠাত্ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন জ্বলে ওঠে। এতে তারা তিনজনই দগ্ধ হন। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭১ জন মারা যায়।
