নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি বলেন, প্রশাসনকে সঙ্গে নিয়েই অপরাধমুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। শনিবার বিকালে শহরের ২নং রেল গেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ের কাছে আয়োজিত বিশাল সমাবেশে শামীম ওসমান আরো বলেন, মাদকের সাথে কোনো আপোষ নাই।
শামীম ওসমান বলেন, ‘ক্লাস থ্রি থেকে ফোরে ওঠার সময়েই আমার রাজনীতিতে হাতেখড়ি। তখন আমার বাবা একটি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় আমি শহরের গুলশান হলের সামনে এক অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রেখেছিলাম। সেদিন বলেছিলাম, ইয়াহিয়া যত পারো গুলি করো। তবুও আমরা দেশকে স্বাধীন করে ছাড়বো। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর সেপ্টেম্বরে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে শহরে পোস্টার লাগাচ্ছিলাম। তখন আমি ক্লাস এইটে পড়ি।’
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, শ্রমিক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, জেলার সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল প্রমুখ।
