মেক্সিকোতে মুখের চামড়া তোলা ৩ লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০১৫, ১৪:২৯
 
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় একটি নগরীর কাছে মুখের চামড়া তোলা তিনটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার লাশগুলো উদ্ধার করা হয়। সেখানে গত সপ্তাহে একটি সশস্ত্র গ্রুপ কমপক্ষে ১০ জনকে অপহরণ করেছিল বলে অভিযোগ রয়েছে।
 
গুয়েরেরো রাজ্যের চিফ প্রসিকিউটর মিগুয়েল অ্যাঞ্জেল গোডিনেজ মুনোজ বলেন, চিলাপা পৌরসভার নেজাপা সমাধিক্ষেত্রের কাছের একটি রাস্তায় কম্বল দিয়ে ঢাকা লাশগুলো পাওয়া যায়।
 
তাদেরকে কতদিন আগে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। গত ৯ মে একদল লোক রাইফেল, লাঠি ও চাপাতি নিয়ে চিলাপা এলাকায় ঢুকে নিজেদের মাদক পাচারকারী দলের বিরুদ্ধে অভিযানরত ‘কম্যুনিটি পুলিশ’ বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। কম্যুনিটি পুলিশ বাহিনীর এ অঞ্চলের নিরাপত্তা বিধানের বৈধতা রয়েছে।
 
দুটি মাদক পাচারকারী সংগঠন লস আরদিলোস ও লস রোজোসের মধ্যে যুদ্ধের কেন্দ্রস্থল হল চিলাপা। স্থানীয় প্রহরীদলে মাদক পাচারকারী সংগঠনের সদস্যরা অনুপ্রবেশ করেছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
 
সশস্ত্র সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শহরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং চলতি সপ্তাহে স্থানীয়রা দাবি করেন, স্থানীয় প্রহরী দল কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে। বাসিন্দাদের সন্দেহ, ঐ গ্রুপ লস আরদিলোসের হয়ে কাজ করছে।
 
ফেডারেল পুলিশ প্রধান এনরিক গালিন্দো বলেন, ৯ থেকে ১৪ মের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোক ১০ জনকে অপহরণ করেছে। এর আগে গত কয়েক মাসে আরো ছয় জনকে অপহরণ করা হয়। সূত্র: এএফপি।