‘রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এত রাষ্ট্র থাকতেও বসে রইলাম আমরা’

আপডেট : ২২ মে ২০১৫, ১৯:২৯
আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সিলেটে অনন্ত বিজয়কে প্রকাশ্য চাপাতি দিয়ে মেরে চাপাতি ব্যাগে করে নিয়ে চলে গেল তারা। আর রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এত রাষ্ট্র থাকতেও অসহায় হয়ে বসে রইলাম আমরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারলো না। তিনি বলেন, অভিজিৎ হত্যার পর উগ্রবাদীরা নতুন প্রযুক্তিতে শক্তিশালী হয়ে উঠছে। এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হুমকি এসেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশা দিয়েও কাউকে ধরতে পারেননি। এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উগ্রবাদীদের শুধু নিষিদ্ধ করলে হবে না, গ্রেফতার করতে হবে।
 
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সুরঞ্জিত বলেন,  বিএনপি নেতৃত্বাধীন জোটের ৯২ দিনের আন্দোলনে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে। তবে বিএনপিরও জনসমর্থন কমেছে।
 
সংগঠনের সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।