আইনগত লড়াইয়ে দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আশা ছেড়ে দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে দ্রুত তার সুচিকিত্সা ও মুক্তির দাবি জানালেও তা পূরণ হচ্ছে না।
বিএনপি বলছে, সুচিকিত্সার অভাবে দিনে দিনে শারীরিক অবস্থার অবনতি ঘটছে বেগম জিয়ার। এই অবস্থায় দলের স্থায়ী কমিটির সদস্যরা করণীয় নির্ধারণে শুক্রবার বৈঠক করেছেন চেয়ারপার্সনের গুলশান অফিসে। সেখানে সিদ্ধান্ত হয়েছে বেগম জিয়ার মুক্তির বিষয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান, যুগ্মমহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতাদের চলমান স্কাইপে আলোচনায় খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনকে প্রাধান্য দেওয়ার দাবি তুলে ধরা হয়েছে। দলের স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এতটাই খারাপ যে, তিনি হাঁটতে পারছেন না, কিছু ধরে রাখতেও পারছে না। এসব নিয়ে কী করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রাজপথে আন্দোলনের জন্য কী কর্মসূচি দেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মানুষ বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন চাচ্ছে। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি হবে না। একমাত্র পথ হচ্ছে আন্দোলন। সেই জন্যই আমাদের সুপরিকল্পিত আন্দোলন করতে হবে। এখন আমাদের একমাত্র এজেন্ডা হবে খালেদা জিয়ার মুক্তি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কঠোর আন্দোলন করতে পারলে অবশ্যই খালেদা জিয়ার মুক্তি হবে। দলের সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার সব মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তার মুক্তির জন্য রাজপথই আমাদের একমাত্র ঠিকানা।
বিভাগীয় শহরে গণশুনানি করবে ঐক্যফ্রন্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকায় গণশুনানি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণফোরামের মুখপাত্র অ্যাডভোকেট জগলুল আফ্রিদ জানান, তারা দাবি আদায়ে রাজপথে কর্মসূচি দেবেন। এরই অংশ হিসেবে এবার বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাশহরে গণশুনানি করবে। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, গণশুনানি এছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা আসবে। প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণশুনানিতে ভোট কারচুপির বিচারের জন্য জেলায় জেলায় গণআদালত প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির পরাজিত প্রার্থীরা।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী বুধবার বেলা ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা করবে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন। সংগঠনের চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার জানান, সুপ্রিমকোর্ট ভবন থেকে পদযাত্রা শুরু হবে। মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে বেগম জিয়ার জামিন হচ্ছে না।
