সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তকে দেখতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হাসপাতালে গিয়েছেন। এসয় তিনি রজতের ওপর হামলাকারীদের ধরতে সিলেটের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। শুক্রবার বিকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজত কান্তি গুপ্তকে দেখতে গিয়ে মন্ত্রী বলেন, যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
এদিকে, রাজত কান্তি গুপ্তের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংস্কৃতিকর্মীরা। হামলার প্রতিবাদের শুক্রবার বিকাল ৪ টায় সিলেটে কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে অংশ নেন সিলেটের সর্বস্তরের সংস্কৃতি কর্মীরা। এ সময় তারা হামলাকারী ছাত্রলীগ নেতা মিজান পারভেজসহ অন্যদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য বৃহসপতিবার রাতে কাজী নজরুল অডিটোরিয়ামে কনসার্ট চলাকালে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ১০-১২ জন নেতাকর্মীকে বিনা টিকেটে প্রবেশ করতে না দেয়ায় তাদের হামলায় ৩ আয়োজক ছুরিকাহত হন। এসময় রজতের উপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
