নিউজিল্যান্ডের রান পাহাড়ের চাপে বাংলাদেশ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:২২

প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা হ্যামিল্টন টেস্টে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। পরে বোলারদের নির্বিষ, অগোছালো, উদারহস্ত বোলিংয়ে প্রায় ছয় সেশন ক্লান্তিকর ফিল্ডিংয়ে সময় কেটেছে বাংলাদেশের ক্রিকেটারদের। দুই ওপেনারের সেঞ্চুরির পর অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রান উত্সব করেছে নিউজিল্যান্ড। রান চূড়ায় স্বাগতিকদের অবস্থান হ্যামিল্টনে কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশকে।

রান পাহাড়ের বিষম চাপের বিপরীতে লড়ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১৭৪ রান। সৌম্য সরকার ৩৯ ও মাহমুদউল্লাহ ১৫ রানে অপরাজিত আছেন।

এখনও ৩০৭ রানে পিছিয়ে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এই রান পাড়ি দিতে হবে সফরকারীদের। হাতে আছে ছয় উইকেট। নিউজিল্যান্ডের পেসারদের শর্ট বল, বাউন্সারের তোপ সামলে সেই লক্ষ্যে পৌঁছানো প্রায় অসম্ভব বলাই ভালো। টেস্টে নিজেদের ইতিহাসে প্রথমবার ৭০০ এর বেশি রান করেছে নিউজিল্যান্ড। ছয় উইকেটে ৭১৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে  স্বাগতিকরা। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের হয়ে পাল্টা আক্রমণ করেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর গতকাল হাফ সেঞ্চুরি করেছেন। ৪৮১ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তামিম-সাদমানের ব্যাটে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান তুলে চা বিরতিতে গিয়েছিল সফরকারীরা। চা বিরতির পর শেষ সেশনে চার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮৮ রানে ওয়াগনারের শর্ট বলের শিকার হয়ে সাদমান ফিরেন ৩৭ রান করে। এ ছাড়া মুমিনুল (৮) ও মিঠুন (০) দ্রুত আউট হয়ে যান।

ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি করা তামিম ছিলেন ভরসা হয়ে। কিন্তু দলীয় ১২৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। সাউদির বলে ডাক করেছিলেন। তবে বল শেষ মুহূর্তে তামিমের ব্যাটে লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা হয়। সম্ভাবনাময় ৭৪ রানের (১২ চার, ১ ছয়) ইনিংসটার সমাপ্তি হয় দুর্ভাগ্যজনকভাবে। তারপর মাহমুদউল্লাহ-সৌম্য ৪৮ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন।