মামলার প্রতিবেদন দিতে ঘুষ চাইছেন তাড়াশ থানার ওসি

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:২৩

সিরাজগঞ্জের তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দিতে উেকাচ দাবি এবং দুর্বৃত্তদের সহায়তা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। তার নাম মেহেরুন নেছা  (৬০)। তিনি উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের মৃত গাজী হাবিবুর রহমানের স্ত্রী। শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেরুন নেছা বলেন, গত বছরের নভেম্বর মাসের ১২ তারিখে আমার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে একই গ্রামের আমানত সরকার, খান মাহমুদ, সকেন আলী ও আবুল হোসেনসহ কয়েকজন দুর্বৃত্ত আমার চার যুগ ধরে ভোগদখলকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছে। গত মাসের ২ তারিখে ৫ বিঘা আয়তনের একটি পুকুরে আমার ভাতিজা আজাদুল ইসলাম মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমি পুকুর পাড়ে গেলে আমাকেও দুর্বৃত্তরা মামলা নিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে আমি ১২/০২/২০১৯ তারিখে আদালতে মামলা করি। মামলা নং  ১০/১৯। মামলা দায়ের করার সাত কার্য দিবসের মধ্যে ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। ইতিমধ্যে ১৮ দিন অতিবাহিত হয়ে গেছে।

তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদন দিতে আমার নিকট ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওসি। বাধ্য হয়ে আমি তাকে তিন দফায় ২০ হাজার টাকা দেই এবং খাওয়ার জন্য মাছ ও মুরগী নিয়ে থানার মধ্যে তার বাসায় দিয়ে আসি। এরপরও তিনি আমাকে মোবাইল ফোনে জানান, আমি চাপে আছি। আপনারা গ্রামে বসে বিষয়টি মিটিয়ে ফেলেন। মেহেরুন নেছা বলেন, তিনি বিষয়টি অভিযোগ আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দিয়েছেন। এদিকে, অভিযোগ প্রসঙ্গে ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এসব সত্য নয়।