হাতির হামলায় তিনজন নিহত

আপডেট : ২৩ মে ২০১৫, ১৯:৫৬
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উন্মুক্ত পোষা হাতির পৃথক হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় হাতিটি অন্তত সাতটি বসত ঘর ভাঙচুর করেছে।
 
মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গারফা গ্রামে এবং আড়জুড়ি ইউনিয়নের কাহালপুর ও বাসাবাড়ি গ্রামে পৃথক এ হামলায় তিনটি মৃত্যুর ঘটনা ঘটে। গারফা গ্রামে নিহত হন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের ইয়ার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), কাহালপুর গ্রামের যতিন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী কুসুম বিশ্বাস (৬১) ও বাসাবাড়ি গ্রামের মিজানুর রহমান ফকির (৪৫)।
 
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনোয়ারা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং অন্য দুইজন ঘটনাস্থলেই মারা যান। মনোয়ারার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। অপর দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।