পালমিরা জাদুঘরে প্রবেশ করেছে আইএস

আপডেট : ২৩ মে ২০১৫, ২১:৫৩
 
সিরিয়ার প্রাচীন শহর পালমিরার জাদুঘরে প্রবেশ করেছে আইএস জঙ্গিরা। এসময় তারা জাদুঘরটিতে রাখা সিমেন্ট নির্মিত কিছু ভাস্কর্য ভাঙলেও পুরাকীর্তিগুলো নিরাপদে আছে। সিরিয়ার পুরাকীর্তি বিভাগের পরিচালক মামুন আব্দুলকারিম শনিবার দামাস্কাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
 
'বৃহস্পতিবার জঙ্গিরা জাদুঘরটিতে প্রবেশ করে সিমেন্ট দিয়ে তৈরি কয়েকটি ভাস্কর্য ভেঙেছে যেগুলো প্রাগৈতিহাসিক কালের জীবদের প্রতীক হিসেবে রাখা হয়েছিল। জাদুঘরটিতে উল্লেখযোগ্য কোন কিছুই নেই। শহরটির দখল আইএসের হাতে যাওয়ার আগেই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দামাস্কাসে সরিয়ে নিয়ে আসা হয়।'- সংবাদ সম্মেলনে মামুন আব্দুলকারিম একথা বলেন।
 
গত সপ্তাহে শহরটি দখলে নেয়ার পর শনিবার গ্রিক-রোমান সভ্যতার শহরটির প্রাচীন একটি দুর্গে নিজেদের পতাকা উত্তোলন করেছে আইএস।
 
পালমিরা শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি বছর প্রায় দেড় লাখ পর্যটক শহরটি দেখতে যেতেন। সূত্র: এএফপি