শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএর দ্বিবার্ষিক মেয়াদের (২০১৫-১৭) পরিচালক পদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মতিঝিলের ফেডারেশন ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৭৬৬ জনের মধ্যে এক হাজার ৫৩৩ জন ও চেম্বার গ্রুপের ৪৩৬ জন ভোটারের মধ্যে ৪১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট দুই হাজার ২০২ জন ভোটারের মধ্যে এক হাজার ৯৫১ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের প্রায় ৮৯ শতাংশ।
এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও নির্বাচন কিছু হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলী আশরাফ এমপি ভোটগ্রহণ শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, কোন ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। নতুন নেতৃত্ব এ সংগঠনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন নেতৃত্ব দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি মনে করেন।
পরে ভোটগণনার কাজ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগণনা চলছিল। গতকালের নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত এসব পরিচালক ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২০ জন পরিচালক মনোনীত পরিচালকসহ মোট ৫২ জন পরিচালক নিয়ে এবারের পরিচালনা বোর্ড গঠিত হবে। পরিচালকরা আগামীকাল সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য ভোট দিবেন। নিয়মানুযায়ী এবার সভাপতি ও সহ-সভাপতি হবেন চেম্বার গ্রুপ থেকে। আর প্রথম সহ-সভাপতি হবেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছেন পরিচালক প্রার্থীরা। প্যানেলগুলো হলো- নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, এফবিসিসিআইয়ের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্যপরিষদ। এসব প্যানেলের মধ্যে উন্নয়ন পরিষদ অ্যাসোসিয়েশন ও চেম্বার উভয় গ্রুপ থেকে প্রার্থী দিলেও ব্যবসায়ী ঐক্যপরিষদ শুধু অ্যাসোসিয়েশন গ্রুপ ও স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ কেবল চেম্বার গ্রুপ থেকে প্রার্থী দিয়েছে। তিনটি প্যানেল থেকে এবং একজন স্বতন্ত্রপ্রার্থীসহ ৬৩ জন প্রার্থী পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।