কক্সবাজারের টেকনাফে দু'দল 'ডাকাত'দের মধ্যে 'বন্দুকযুদ্ধে' ছৈয়দ নুর ওরফে সোনা মিয়াকে (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর চারটার দিকে উপজেলার দমদমিয়ার ১৪নং ব্রিজের পশে একটি পাহাড়ে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া হ্নীলার উলুচামরী এলাকার মৃত সিকদার আলীর ছেলে।
পুলিশের ভাষ্য মতে, রবিবার ভোর ৪টার দিকে টেকনাফ ১৪নং ব্রিজ এলাকায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে সোনা মিয়াকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২টি বন্দুক ও ৮টি কার্তুজের খোসা উদ্ধার করেছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. এনামুল জানান, নিহতের শরীরে তিনিটি বুলেট রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান জানান, সোনা মিয়া পুলিশের তালিকাভূক্ত একজন শীর্ষ ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ডজনখানেক মামলা রয়েছে। এছাড়া তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য শফিক হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।
লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
